বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে সীমান্তে গোলাগুলি, এক জেলে গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ মো. আলমগীর

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হোয়াইক্যংয়ের উত্তরপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় মো. আলমগীর (৩১) নামে এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিটি ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে এসেছে। আলমগীর হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের সৈয়দ আহমদের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, হোয়াইক্যং সীমান্তে গোলাগুলি সংক্রান্ত ঘটনায় সীমান্তে বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে এবং গুলিবিদ্ধ জেলের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

উখিয়ার বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং গতকাল এক জেলে নাফ নদীতে গুলিবিদ্ধ হয়েছেন। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

গুলিবিদ্ধ জেলের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে আলমগীর এক সহযোগীর সঙ্গে নৌকায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় ‘বিলাসীর দ্বীপ’ নামের এলাকায় মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে তার বাঁ হাতে আঘাত লাগে। প্রথমে তাকে উখিয়ার কুতুপালংয়ের হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা বেড়ে গেছে। নাফ নদীতে জেগে ওঠা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও নবী হোসেন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার ফলে সীমান্তের অন্তত ৮ হাজার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ঝুঁকিতে পড়েছে নদীতে মাছ ধরার হাজারো জেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।

ক্যাটাগরি