আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আজ ১০ জানুয়ারি, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগারে দীর্ঘ বন্দিজীবন শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। তবে বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সেই বিজয় পূর্ণতা পায় বলে ইতিহাসে বিবেচিত। বঙ্গবন্ধু নিজেই এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন—“অন্ধকার থেকে আলোর পথে যাত্রা” হিসেবে।
স্বাধীনতার পর রাষ্ট্র পুনর্গঠন, সংবিধান প্রণয়ন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার নেতৃত্ব বঙ্গবন্ধুই গ্রহণ করেন। তাঁর প্রত্যাবর্তন তাই শুধু একজন নেতার ফেরা নয়, বরং একটি নবজাত রাষ্ট্রের ভবিষ্যৎ যাত্রার সূচনা হিসেবে বিবেচিত হয়।
তবে এবার দিনটি এসেছে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। বর্তমানে দলটির অনেক শীর্ষ নেতা-কর্মকর্তা গ্রেপ্তার, অনেকে আত্মগোপনে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন। জুলাই-আগস্টের সহিংসতা ও দীর্ঘ সময়ের দুর্নীতি-সংক্রান্ত নানা অভিযোগে বিচার কার্যক্রমও চলমান রয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
এই বাস্তবতায়, অতীতের মতো বড় পরিসরে কর্মসূচি না থাকলেও ঐতিহাসিক ১০ জানুয়ারি বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় একটি স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন হিসেবেই বিবেচিত হয়ে থাকবে।
সূত্র: সমকাল