শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে-এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের তিনি স্পষ্টভাবে জানান, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না এবং তার সঙ্গে সবসময়ই ভালো সম্পর্ক ছিল।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, একজন ‘স্বৈরশাসককে’ যদি এভাবে ধরা যায়, তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন জানে। তবে ট্রাম্প সেই ধারণা নাকচ করে দিয়ে বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ হলেও মাদুরোর মতো কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

ট্রাম্প দাবি করেন, তিনি আগেও একাধিক যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন এবং ইউক্রেন যুদ্ধও দ্রুত সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন। তিনি যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়া প্রতিদিন বড় ক্ষতির মুখে পড়ছে এবং অর্থনীতিও চাপের মধ্যে রয়েছে, তাই দ্রুত সংঘাতের অবসান প্রয়োজন।

উল্লেখ্য, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা কূটনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে, ভেনেজুয়েলায় মাদুরোকে আটক করার পর দেশটির শাসনভার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে গেছে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারসহ গুরুতর অভিযোগ এনেছে এবং ট্রাম্প জানিয়েছেন, নতুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজার স্থিতিশীল করার পরিকল্পনাও রয়েছে।

ক্যাটাগরি