বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে শিশু নিহত

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আফনান ওরফে পুতুনি (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের ওপার থেকে আসা গুলিতে শিশুটি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে গোলাগুলির আতঙ্কে সীমান্তবর্তী এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির ঘটনা চলছিল। এর মধ্যেই ওপার থেকে আসা গুলিতে এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি চলছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া গোলাগুলি রোববার ভোরে কিছুটা থামে। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আজ শিশুটির নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে উখিয়ায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর তারা পেয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে নতুন করে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে এবং সড়ক অবরোধ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে।

ক্যাটাগরি