টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতের ঘটনায় ৫৩ বিদ্রোহী আটক
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে পালিয়ে আসা বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে টেকনাফ থেকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জানুয়ারি) দুপুরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্য। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে শিশু আফনানের (১২) গায়ে লাগে। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কক্সবাজার–টেকনাফ মহাসড়কের তেচ্ছিব্রিজ এলাকায় স্থানীয়রা অবরোধ ও বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় পরে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গুলিবিদ্ধ শিশু আফনানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
সীমান্ত পরিস্থিতি ঘিরে নজরদারি জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।