১৮ জানুয়ারি কক্সবাজারে আসছেন না তারেক রহমান
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে কক্সবাজারের পেকুয়ায় ১৮ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত সফর আপাতত স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সূত্র জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ অনুরোধে বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট বিবেচনা করে দলটির হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের বগুড়া ও উত্তরবঙ্গ সফরের চার দিনের একটি কর্মসূচি নির্ধারিত ছিল। তবে জাতীয় স্বার্থ ও নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে ইসি থেকে এই সফর স্থগিতের অনুরোধ জানানো হয়। বিএনপি হাইকমান্ড ১৮ জানুয়ারির কক্সবাজার সফরও আপাতত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম পরিকল্পনা অনুযায়ী, ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে এসে সরাসরি পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার কথা ছিল। সেখান থেকে সড়কপথে লোহাগাড়া হয়ে চট্টগ্রামে একটি দোয়া মাহফিলে যোগ দেওয়ারও পরিকল্পনা ছিল।
জেলা বিএনপির সূত্র জানায়, জানুয়ারির শেষ সপ্তাহের যেকোনো দিনে তারেক রহমানের কক্সবাজার সফরের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন। এরপর বগুড়া ও উত্তরবঙ্গ সফর শেষে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সূত্রের মতে, সারাদেশে তারেক রহমানের নির্বাচনী সফরের পূর্ণাঙ্গ কর্মসূচির সঙ্গে কক্সবাজার সফরের বিষয়টি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।