টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ৫২ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আদালতে সোপর্দ
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এসে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। গুরুতর আহত একজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (দুপুর সোয়া ২টা) টেকনাফ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে এসব আসামিকে কক্সবাজার জেলা আদালতে নেওয়া হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোট ৫৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়।
বাকি ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়। উখিয়া ৬৪ বিজিবির সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলাটি করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, মঙ্গলবার মামলার এজাহারভুক্ত ৫২ জনকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নতুন করে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।