জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
একসময় ইসলামি ধারার রাজনীতির ঘোর বিরোধী ছিলেন তরুণ আলেম মুফতি আলী হাসান উসামা। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর তিনি খেলাফত মজলিসে যোগ দেন এবং দলটির কেন্দ্রীয় পদও পান। সিলেট-৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও মনোনয়ন না পাওয়ায় সম্প্রতি তিনি খেলাফত মজলিস ছাড়েন। এবার তার নতুন রাজনৈতিক ভরসা হলো জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন মুফতি আলী হাসান উসামা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।
ফেসবুকে এক পোস্টে তিনি জানান, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই।”
উল্লেখ্য, কওমি প্রেক্ষাপটের মেধাবী এই তরুণ আলেম আলী হাসান উসামা বিভিন্ন সময় নানা ইস্যুতে আলোচিত হয়েছেন। তিনি শেখ হাসিনার শাসনামলে দীর্ঘদিন কারাভোগও করেছেন।
তার নতুন রাজনৈতিক যাত্রা এবং জামায়াতে ইসলামীতে যোগদান নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কৌতূহল দেখা দিয়েছে।