শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

এলপিজি অটোগ্যাস সংকটে কক্সবাজারে প্রায় সব ফিলিং স্টেশন বন্ধ

এলপিজি অটোগ্যাসের সংকটে কক্সবাজার জেলার প্রায় সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতের পর থেকে শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না।

শহরের পাশাপাশি চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার ফিলিং স্টেশনগুলোতেও অটোগ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি অটোরিকশা, নোহা মাইক্রোবাসসহ গ্যাসচালিত বিভিন্ন যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

শনিবার রাতে শহরের কালুর দোকান এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাস না পেয়ে একের পর এক গাড়ি ফিলিং স্টেশন থেকে ফিরে যাচ্ছে। পাহাড়তলী এলাকার চালক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে গ্যাস না পাওয়ায় কাল গাড়ি নামাতে পারব কি না জানি না। এতে আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে।

ফিলিং স্টেশনের এক কর্মী জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে স্টেশন বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ বাজারে অস্থিরতা তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে কক্সবাজারে গণপরিবহন ব্যবস্থা আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি