বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে বিজিবির তল্লাশিতে ৮ হাজার ইয়াবাসহ গাড়িচালক জাবেদ গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে ৬৪ বিজিবির সদস্যরা ৮ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে। আটক ব্যক্তির নাম জাবেদ (২০)। তিনি টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ ডাংগারপাড়া গ্রামের মৃত সাব্বির আহমদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিডি-১০৬৫ নম্বর নারকোটিক্স ডগ ‘হেনরি’ যৌথভাবে তল্লাশি চালান। তল্লাশির সময় ডগ হেনরির সংকেত অনুযায়ী প্রাইভেটকার চালকের সিটের নিচে নীল রঙের কাপড়ে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোতে মোট ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেটকার চালক জাবেদকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাবেদ স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি, জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এসব অভিযানে টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি