বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

তিন দাবিতে ইসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল

তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদল জানায়, পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে আজ সকাল ১০টা থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শেষ দিনের শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনের মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ পড়া চারজন ছাড়া)। পরে বাতিল হওয়া ৭২৩ জনের মধ্যে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন।

১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টানা আট দিন আপিল শুনানি শেষে প্রায় ৪০০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অপেক্ষমাণ আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ইসি ভবনের সামনে ছাত্রদলের কর্মসূচি ও ভেতরে আপিল শুনানি একসঙ্গে চলায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ছাত্রদলের ৩ ইস্যু হলো:

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম সমকালকে বলেছেন, আজ রোববার সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদলের নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন।

সৃএ: সমকাল

ক্যাটাগরি