শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুতে বসতঘরে মিলল চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় একটি বসতঘর থেকে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একজন অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি পেশাদার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

রোববার (১৮ জানুয়ারি) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১১টার পর রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্প থেকে পৃথকভাবে রওনা হয়ে পুলিশ সদস্যরা নির্ধারিত স্থানে পৌঁছে বাড়িটি চারদিক থেকে ঘিরে তল্লাশি চালান।

তল্লাশিকালে পানিস্যাঘোনা এলাকার একটি বসতঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬), পিতা শহর আলী, সাং পানিস্যাঘোনা, ওয়ার্ড নম্বর ৭, ঈদগড় ইউনিয়ন, রামু উপজেলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, নুর মোহাম্মদ একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি