শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

গভীর রাতে পেকুয়ায় বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করলো বনবিভাগ

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

রবিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয় এক পরিবেশবাদীর মাধ্যমে রাতের দিকে খবর আসে যে, জেলের জালে একটি বিশাল প্রজাতির মা কচ্ছপ আটকা পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় জেলে শাহিনের বাড়ি গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা কচ্ছপটি ডিম দেওয়ার উদ্দেশ্যে নদীতে নেমে গিয়ে জালে আটকা পড়ে।

খালেকুজ্জামান বলেন, “কচ্ছপটি দীর্ঘসময় কূলে থাকার কারণে দুর্বল হয়ে পড়ছিল। তাই তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে, এবং কচ্ছপটি সাগরে ফিরে সুস্থভাবে সাতার কেটে ডুব দিয়েছে।”

স্থানীয় পরিবেশকর্মী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) পেকুয়া শাখার মুখপাত্র এফ এম সুমন বলেন, খবর পাওয়ার পর দ্রুত বনবিভাগকে জানাই। তারা স্বল্প সময়ে কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন। তবে এই ধরনের বিপন্ন প্রজাতির সামুদ্রিক ও বন্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের সকলের আন্তরিক ভূমিকা থাকা উচিত।

উদ্ধারের সময় স্থানীয়রা জানান, প্রায় ৫০ কেজি ওজনের এই কচ্ছপটি এত বড় আকারের দেখে তারা অভিভূত। উদ্ধারের সময় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারী, পরিবেশবাদী এবং বিট কর্মকর্তা মোহাম্মদ সজীবও উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি