আজিজ নগরে বনবিভাগের অভিযানে এক কোটি টাকার বনভূমি উদ্ধার
চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশে আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের পৃথক দুটি অভিযানে জবরদখলকৃত বনবিভাগের প্রায় তিন একর জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
গত ৩ ও ৬ জানুয়ারি আজিজ নগর অভয়ারণ্য বিটের আরএস-৭০৬১ ও ৭০৭১ দাগের গাইনাকাটা, কলাতলি ও ভিলেজারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা কবির হোসেনসহ বনবিভাগের অন্যান্য স্টাফ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা।
বনবিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় বনবিভাগের জমি জবরদখল করে অবৈধভাবে বসতঘর নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে পাঁচটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং বনবিভাগের তিন একর জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া জানান, বনভূমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, যারা বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বনবিভাগের জমি অবশ্যই বনবিভাগের কাছে ফিরিয়ে আনা হবে, যাতে ভবিষ্যতে কেউ আর দখল করতে সাহস না পায়।