ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।
এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
গত বছর আবুল কালাম আজাদ নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়।
এ বিষয়ে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে একটি আদেশ জারি করে সাজা স্থগিতের তথ্য জানানো হয়েছিল।
মুক্তিযুদ্ধ চলাকালে তার বিরুদ্ধে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৭টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং চারটি অভিযোগে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড প্রদান করায় বাকি অভিযোগগুলোতে আলাদা করে দণ্ড ঘোষণা করা হয়নি। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় তা খারিজ করা হয়।