বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিনের কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি প্রধান বার্তা আছে। প্রথমত, দেশবাসীর প্রতি আহ্বান-গণভোটে আপনারা “হ্যাঁ” ভোট দিন, যাতে সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকে। দ্বিতীয়ত, শহীদ ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার নিশ্চিত করাই আমাদের এই নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি,আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন।’

১০ দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠন করবে,এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং সংস্কারের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে ১০ দলীয় জোটের কোনো বিকল্প নেই।’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা-কলি’।

ক্যাটাগরি