বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুতে বোমা সদৃশ বড় আকৃতির বস্তু উদ্ধার, নিরাপদ স্থানে সংরক্ষণ

কক্সবাজারের রামু উপজেলায় একটি বোমা সদৃশ বড় আকৃতির বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে।

উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি সংরক্ষণ করে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অবিস্ফোরিত বা অকার্যকর বোমা হতে পারে। স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রায় ১০ বছর আগে ওই এলাকার একটি পুকুরে বস্তুটি পাওয়া যায় এবং দীর্ঘদিন ধরে পুকুরপাড়ে কাপড় ধোয়ার কাজে ব্যবহার হয়ে আসছিল।

তিনি আরও বলেন, বোমাটি যে স্থানে রাখা হয়েছে সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বস্তুটির কার্যকারিতা ও এর ভেতরে বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, বস্তুটির আকৃতি দেখে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলে মনে হচ্ছে। সে সময় এই অঞ্চলে জাপানিরা যুদ্ধ পরিচালনা করেছিল এবং এমন বোমা ব্যবহারের ইতিহাস রয়েছে। তিনি বলেন, যদি বোমাটির ভেতরে বিস্ফোরক থাকে, তবে জননিরাপত্তার স্বার্থে তা নিষ্ক্রিয় করা জরুরি। আর বিস্ফোরক না থাকলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে, কারণ এটি রামুর ইতিহাসের অংশ।

এদিকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ রামুর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

ক্যাটাগরি