শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করবো না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ–চাচাকে চেনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি। আমরা বাপ–দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমার দলের কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের মতো রাজনীতি করবো না।”

রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়। জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিল এবং তারা কখনো ভালো ফল করতে পারেনি।

তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা–বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতেও আমরা কাজ করেছি, আগামীতেও করবো।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই এবং নির্বাচনের মাধ্যমেই সরকারে যেতে চাই। শুধু স্লোগান দিলে ভোট আসে না, সৎ কাজ করে মানুষের মন জয় করতে হয়। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান এবং সবার দোয়া কামনা করেন।

গণসংযোগে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি