মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগরপথে পাচার করে আনা প্রায় ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধীন কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

আটকরা হলেন চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সাগরপথে মাছ ধরার ট্রলারসহ বিভিন্ন নৌযান ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি চক্রটি বড় একটি মাদক চালান এনে মজুদ করেছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সোমবার সকালে উত্তর নুনিয়ারছড়া এলাকার সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে, প্যারাবনের ভেতরে বালির নিচে চাপা দেওয়া অবস্থায় প্লাস্টিক চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও ১০ কেজি হেরোইন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

র‍্যাব জানিয়েছে, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ক্যাটাগরি