নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ ইসলাম
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ‘মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে’ ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে।
নাসীরুদ্দীনের ওপর হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, একদিকে ভালো ভালো কথা বলা আর অন্যদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা-এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না।
তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আজ আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি-দেখতে চাই কী ব্যবস্থা নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে কী ব্যবস্থা নেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব ১২ তারিখে।
মির্জা আব্বাসকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, আগের আচরণ যদি পরিত্যাগ না করেন, তাহলে এবারের নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই—আপনি কথা বলবেন, আমি কথা বলবো, আর জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। জনগণকে সিদ্ধান্ত নিতে বাধা দেওয়া চলবে না। জনগণই ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসের রাজনৈতিক ইতিহাস ঢাকার মানুষ জানে। কীভাবে তিনি রাজনীতিতে এসেছেন এবং কীভাবে এই শহরে একটি ‘সাম্রাজ্য’ তৈরি হয়েছে-তা বাংলাদেশের মানুষের অজানা নয়।