মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের বিএনপি আগলে রাখবে।

বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানী বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে নৌকা প্রতীক নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন এবং মাঝখানে তার সমর্থকদের বিপদের মুখে ফেলে গেছেন। সেই পরিস্থিতিতে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি, ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপি আশা করছে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। যদিও নিত্যপণ্যের দাম বেশি থাকায় মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই, তবে এখন মানুষ তুলনামূলকভাবে রাতে শান্তিতে ঘুমাতে পারছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের সরকার গঠন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করবে।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এটাই তার শেষ নির্বাচন। ভোটাররা ধানের শীষে ভোট দিলে তিনি জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।

পথসভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি