ভাইরাসের প্রাদুর্ভাব, দেশে দেশে সতর্কতা
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং একাধিক দেশ বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট যায়-এমন তিনটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে থাইল্যান্ড, একই সঙ্গে নেপাল কাঠমান্ডু বিমানবন্দর ও ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতে আগত যাত্রীদের স্ক্রিনিং চালু করেছে।
চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, এবং তাদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে এবং এতে মৃত্যুর হার অত্যন্ত বেশি, প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ, কারণ এই ভাইরাসের এখনো কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এ ভাইরাসের প্রকোপ তুলনামূলক বেশি দেখা গেছে এবং ২০০১ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এর আগেও নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছিল, বিশেষ করে ২০০১ ও ২০০৭ সালে পশ্চিমবঙ্গে এর প্রাদুর্ভাবের তথ্য পাওয়া যায়।