বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

সহিংসতার পথে যাচ্ছে পরাজয়ের আশঙ্কায় থাকা শক্তি: ড. হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সারা দেশে নির্বাচনের আমেজ তৈরি হলেও প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে জনমত মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। যারা জনগণের ভোটে বিজয়ী হতে পারবে না বলে আশঙ্কা করছে, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার মহেশখালী উপজেলায় গণসংযোগকালে ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নির্বাচন ঘিরে যে সহিংসতা বাড়ছে, তা পরাজয়ের আশঙ্কায় থাকা শক্তিগুলোরই প্রতিফলন। তিনি অভিযোগ করেন, মুখে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও বাস্তবে সহিংসতার মাধ্যমে নির্বাচনে জয়ের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকায় নারী নির্যাতন ও হত্যার ঘটনাও ঘটেছে, যা দেশবাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব ঘটনা প্রমাণ করে, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে দিচ্ছে।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সারা দেশে সন্ত্রাস আরও বিস্তৃত হবে এবং অপরাধীরা উৎসাহিত হবে। এ অবস্থায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

ড. হামিদুর রহমান আযাদ জনগণের প্রতিও আহ্বান জানান, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা জোরপূর্বক দমননীতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অতীতে ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে যেভাবে গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই চেতনাই ধারণ করে জনগণকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চায় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হোক এবং তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি সেই পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

ক্যাটাগরি