বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকসম্রাটদের কাছ থেকে কোনো টাকা খাইনি: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাদের রাজনীতির দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছে নয়। তারা অবৈধ কোনো উৎস থেকে অর্থ গ্রহণ না করায় এসব অপশক্তির কাছে জবাবদিহি করার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আগের অনেক নেতা নির্বাচনে জিততে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ওপর নির্ভর করতেন। কিন্তু তার নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সাধারণ জনগণের শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করছে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ দেবিদ্বারে মাদকসম্রাটদের শেষ দিন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই তাদের মাদক ব্যবসার অবসান ঘটবে ইনশাআল্লাহ। দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ ও মাদকসম্রাট একসঙ্গে থাকতে পারে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ী এখন দিশেহারা হয়ে পড়েছে। যারা কর্ম করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেনি এবং মিছিল-মিটিং করে অবৈধভাবে জীবিকা নির্বাহ করেছে, তারা চাইলে লজ্জা না করে যোগাযোগ করতে পারে। তাদের জন্য বৈধ কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে যেন তার পক্ষে অন্তত ১০টি করে ভোট নিশ্চিত করেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভোটারদের দুটি ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি—একটি শাপলা প্রতীকে এবং আরেকটি ‘হ্যাঁ’ ভোট। আগামীর বাংলাদেশ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলেহ উদ্দিন ও জয়নাল আবেদিন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক এবং জামায়াত নেতা কাজী সবুজসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ক্যাটাগরি