সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুর জোয়ারিয়ানালায় খামার থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিহত নজরুল ইসলাম

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি খামার বাড়ি থেকে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে নজরুল ইসলাম বাড়ি থেকে বের হন। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা তাকে খামারের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, নজরুল ইসলামের হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্সও।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করা হলেও আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ক্যাটাগরি