চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সেলিম উদ্দিন আটক
কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইটি দেশীয় অস্ত্রসহ সেলিম উদ্দিন নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বদরখালী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে বদরখালী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে দুইটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানিয়েছে, সেলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৯টি পৃথক মামলা রয়েছে।
আটককৃত সন্ত্রাসী ও উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।