বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ

৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ডিসি মাসুদসহ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় অতিরিক্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই ফিরে যাবেন না।

তাদের অভিযোগ, বিগত দিনে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে পে কমিশন গঠন হলেও গেজেট না হওয়ায় এটি সরকারি কর্মচারীদের প্রতি অবিচার বলে মনে করছেন তারা।

ক্যাটাগরি