হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ
নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের কোনো চেষ্টা করা হলে ১১-দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন— জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। এর মাধ্যমে শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দেয়নি।
তিনি আরও বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশছাড়া করা সম্ভব হয়ে থাকে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১-দলীয় জোটের বিজয়ও কোনো অসম্ভব বিষয় নয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম-খুন ও বঞ্চনার বিরুদ্ধে ১১-দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে—একটি সন্ত্রাস ও চাঁদাবাজির ভূত, অন্যটি দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের ভূত।
মামুনুল হক আরও বলেন, বিগত ১৫ বছরে দিনের ভোট রাতে দেওয়া, আমি-ডামি নির্বাচনসহ নানা প্রক্রিয়ায় মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ কারণে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের জন্য।