আর্ন্তজাতিক

১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

ফেব্রুয়ারির ১৭ তারিখে আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল মহাজাগতিক ঘটনা-বলয়াকার সূর্যগ্রহণ, যা ‘রিং অব ফায়ার’ নামেও পরিচিত। তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। এমনকি প্রতিবেশী দেশ ভারত থেকেও এটি দেখা সম্ভব হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, বলয়াকার সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেয়, কিন্তু সে সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক বেশি দূরে থাকে। ফলে চাঁদ পুরো সূর্যকে ঢাকতে পারে না। সূর্যের চারপাশে উজ্জ্বল আগুনের মতো একটি বলয় দৃশ্যমান হয়—এ কারণেই একে বলা হয় ‘রিং অব ফায়ার’।

নাসার তথ্য অনুযায়ী, এই বলয়াকার সূর্যগ্রহণ শুরু হবে আন্তর্জাতিক সময় (ইউটিসি) সকাল ৭টা ১ মিনিটে। বাংলাদেশ সময় অনুযায়ী তা শুরু হবে দুপুর ১টা ১ মিনিটের দিকে। বলয়াকার অংশটি সর্বোচ্চ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই দৃশ্য দেখা যাবে পৃথিবীর খুব সীমিত কিছু এলাকায়।

গ্রহণটি মূলত অ্যান্টার্কটিকার কিছু দুর্গম অঞ্চল থেকে দেখা যাবে। এছাড়া দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে আংশিকভাবে গ্রহণ দেখা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন বাংলাদেশ ও ভারত, এই গ্রহণপথের বাইরে থাকবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সূর্যগ্রহণ দেখার সময় চোখের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গ্রহণ দেখতে পারবেন, তাদের অবশ্যই আইএসও ১২৩১২-২ মানসম্পন্ন বিশেষ সূর্যগ্রহণ চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এবং স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

ক্যাটাগরি