জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে বাংলাদেশ আওয়ামী লীগকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়— তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া— এসবের ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার ভাষ্য, জনগণ সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে।