গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ: ইসি সচিব
জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
ইসির তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি।
আখতার আহমেদ বলেন, ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে এবং ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ এবং গণভোটে কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট।
ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।
এ ছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে ২টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ১টি আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন এবং খেলাফতে মজলিস আরও ১টি আসন লাভ করেছে। এছাড়া ৭ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।