তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এই অভিনন্দন জানায়। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যায়।
উল্লেখ্য, ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার ছয় দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। শোকের মধ্যেই দলকে বিজয়ের পথে নিয়ে গিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।