শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও

পোকখালীতে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কামাল (২৯) স্থানীয় মুক্তারের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার সাহেদ মেস্ত্রীর ছেলে সুলতানের সঙ্গে কামালের তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের সময় সুলতান প্রথমে লাঠি দিয়ে কামালকে আঘাত করেন এবং পরে ছুরিকাঘাত করেন। এতে কামাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ মেডিকেল কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ জিকোসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি