রামুতে দেড় কিলোমিটার ধাওয়া শেষে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
রামু উপজেলায় প্রায় দেড় কিলোমিটার ধাওয়া শেষে দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হারুন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নম্বরবিহীন একটি পিকআপযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা এলাকা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
সকাল ৯টার দিকে রামু বাইপাসমুখী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্টে থামার সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা গাড়িটির পিছু ধাওয়া করেন। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া শেষে পিকআপটি ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে থামে।
পুলিশ জানায়, গাড়ি থেকে তিন থেকে চারজন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. হারুনকে তাঁর হাতে থাকা একটি সাদা বস্তাসহ আটক করা হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন আহমদ ও মায়ের নাম রশিদা বেগম।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।