শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী

কর্ণফুলী উপজেলা–এ ছানোয়ারা বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী হাবিবুর রহমানের (২৭) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আহত ছানোয়ারা বেগম উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করতেন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত আছেন। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের বাড়ি ফরিদপুর জেলা–তে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর মৃত্যুর পর তার আগের সংসারে দুটি সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। এমনকি কিছুদিন আগে স্বামীকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।

কর্ণফুলী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সূত্র: ঢাকা পোস্ট

ক্যাটাগরি