সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। নিহত আমেনা মাধবদীর বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে। পরিবার জানায়, কাজের সুবাদে আশরাফ হোসেন সেখানে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সৎপিতা আশরাফ হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক যুবকের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের এক সদস্যের উদ্যোগে মীমাংসা করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে বের হলে বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর অভিযুক্তরা তার কাছ থেকে আমেনাকে জোর করে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছাড়াও সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।