আর্ন্তজাতিক

মার্কিন–ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলার ঘটনা নিয়ন্ত্রণে না এলে তা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক নিজের দেশ ও নাগরিকদের সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

রাজধানী আঙ্কারা–য় আয়োজিত এক ইফতার মাহফিলে সোমবার দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, “যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, চলমান সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে।”

তিনি আরও বলেন, তুরস্ক শান্তির পক্ষে অটল অবস্থানে রয়েছে। তার ভাষায়, “দ্রুত রক্তপাত ও মানবিক কষ্টের অবসান ঘটুক এবং অঞ্চলটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করুক—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তুরস্ক প্রতিটি পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়াবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থায়ও পড়তে পারে।

ক্যাটাগরি