সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মপরিকল্পনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সভায় ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানা গেছে, সরকারি নার্সারির পাশাপাশি বেসরকারি নার্সারি থেকেও চারা সংগ্রহ করা হবে। খাসজমি, চরাঞ্চল, নদীর তীর, সড়ক ও মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলের অনাবাদী স্থান এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও তা পরিচর্যার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।