চকরিয়ায় ওয়াপদা সড়ক হকারদের দখলে, জনভোগান্তি চরমে
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ব্যস্ততম চিরিঙ্গা কাঁচাবাজার সংলগ্ন ওয়াপদা সড়কটি এখন অবৈধ দখলদার ও ভাসমান হকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কের অর্ধেকেরও বেশি অংশ দখল করে মাছ, সবজি ও ফলের অস্থায়ী দোকান বসানো হয়েছে। এতে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও অনেক বিক্রেতা রাস্তার ওপরেই পণ্য সাজিয়ে বসছেন। পাশাপাশি রাস্তার ওপর যত্রতত্র ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি দাঁড়িয়ে থাকার কারণে সড়কটি কার্যত অচল হয়ে পড়ছে। এতে জরুরি সেবাদানকারী যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রায়ই আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে সড়ক দখল করে ব্যবসা চললেও পৌর কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের দাবি, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এই অবৈধ দখলদারিত্ব অব্যাহত রয়েছে।
বাজার করতে আসা এক পথচারী বলেন, “ওয়াপদা সড়ক দিয়ে এখন হেঁটে চলাই মুশকিল। দোকানের সরঞ্জাম আর আবর্জনায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই কাদা আর দুর্গন্ধে পুরো এলাকা দুর্ভোগে পরিণত হয়।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিক্রেতাদের নির্দিষ্ট বাজার এলাকায় স্থানান্তর করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না।