১৪০০ হামলা করেছে ইরান, জানাল আমিরাতে
সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ইরান তাদের দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে প্রায় ১৪০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের ছোড়া বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক স্থাপনার দিকে নিক্ষেপ করা হয়। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে হামলাকে “নৃশংস ও অযৌক্তিক” বলে অভিহিত করে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি এই হামলাকে আমিরাতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা সংঘাত আরও বাড়াতে চায় না এবং বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ারও কোনো ইচ্ছা নেই। তা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে “সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা” নেওয়ার অধিকার তাদের রয়েছে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার অভিযোগ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।