নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৮ মার্চ) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রের আস্তানা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাদক কারবারিদের ব্যবহৃত আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে নৌবাহিনী।
পরবর্তীতে জব্দ করা ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে নৌবাহিনী ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।