মনিপুরি–ভরতনাট্যমের মুদ্রায় কক্সবাজারে নৃত্যের নবতর অনুরণন
কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে আবারও ধ্বনিত হলো শাস্ত্রীয় নৃত্যের সুর। মনিপুরি ও ভরতনাট্যমের সুষমা, ছন্দ ও মুদ্রার মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠল নৃত্যচর্চার এক অনন্য আয়োজন। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের নৃত্য বিভাগের পুরনো শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মনিপুরি ও ভরতনাট্যম নৃত্য কর্মশালা—যা নতুন করে শিল্পচর্চার আবহ তৈরি করেছে। সংগঠনের অস্থায়ী মিলনায়তনে গত ৪ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ৬দিন ব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রতিদিন জমে উঠেছিল নৃত্যের নিবিড় অনুশীলন। তাল, লয়, মুদ্রা ও অভিব্যক্তির সূক্ষ্ম ব্যঞ্জনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শাস্ত্রীয় নৃত্যের গভীরে প্রবেশের সুযোগ পান। অনুশীলনের ছন্দে ছন্দে যেন ধরা দিচ্ছিল শতাব্দীপ্রাচীন নৃত্যঐতিহ্যের সৌন্দর্য। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, শফিক ব্যালেট গ্রুপের কর্ণধার ও ভরতনাট্যম নৃত্য প্রশিক্ষক এস. আই. শফিক এবং মনিপুরি অনুরাগ নৃত্যালয়ের পরিচালক কেয়া সিনহা। তাদের অভিজ্ঞ নির্দেশনায় অংশগ্রহণকারীরা মনিপুরি ও ভরতনাট্যম নৃত্যের মৌলিক কৌশল থেকে শুরু করে পরিবেশনাভিত্তিক নানা দিক সম্পর্কে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। নৃত্যের শৈল্পিক উপস্থাপনা, দেহভঙ্গির সৌন্দর্য, তাল-লয়ের শুদ্ধতা এবং মঞ্চ পরিবেশনার নান্দনিক দিকগুলোও ছিল প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এমন আয়োজন তাদের নৃত্যচর্চায় নতুন প্রাণ সঞ্চার করেছে। নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক বলেন, সাংস্কৃতিক চর্চার বিকাশে এ সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নৃত্য, সংগীত ও অন্যান্য শিল্পধারাকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন নৃত্য প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, সংগঠনের অর্থ সম্পাদক মো. আয়াত উল্লাহ, প্রশিক্ষণ একাডেমির সদস্য মো. জুনাইদ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। নৃত্যের মুদ্রা, লয়ের মাধুর্য আর শিল্পচর্চার আন্তরিকতায় এ কর্মশালা যেন কক্সবাজারের সাংস্কৃতিক পরিমণ্ডলে রেখে গেল এক উজ্জ্বল অনুরণন।