ঈদগাঁও থানা পুলিশের অভিযানে টমটম গাড়ি উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত মিনি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পাশে চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের পূর্ব পাশে খালি জায়গা থেকে একটি সবুজ রঙের পুরাতন মিনি টমটম চুরি হয়। এ ঘটনায় টমটমের মালিক আবু নাছির বাপ্পি (২৮) বিষয়টি থানায় জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল ১৪ মার্চ রাতে অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রায়হান (২০), পিতা আলী আহম্মদ, দক্ষিণ মাইজপাড়া, ঈদগাঁও ইউনিয়ন এবং মো. ইমরান (২৩), পিতা গিয়াস উদ্দিন, মাদ্রাসাপাড়া, ইসলামপুর ইউনিয়ন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত তিন চাকার সবুজ রঙের মিনি টমটম (চেসিস নং- XGDS2023102031) উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-০৮, তারিখ ১৪ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, জনস্বার্থে ঈদগাঁও থানা পুলিশের এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।