রামুতে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ‘টিকটকার’ স্ত্রী গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখি (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় টমটম চালক ছিলেন।
ঘটনার পর থেকেই নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উখিয়ার কোটবাজার এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচিত মুখ ছিলেন। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দীঘি এলাকার মো. মুসার মেয়ে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।