উখিয়ায় অপহৃত যুবক উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে উখিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ) রাতে উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইমন হাওলাদার (১৮) নামে ওই যুবককে উদ্ধার করা হয়। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার গজারিয়া বোয়ালিয়া এলাকার চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশের তথ্য মতে, ইমন হাওলাদার ইনানী সমুদ্র সৈকত এলাকায় প্লাম্বারের কাজ করতেন। গত ১৬ মার্চ রাতে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে কুতুপালং এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই তার পরিবারের সদস্যরা উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সহকারী উপপরিদর্শক স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় যুবকের অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
উদ্ধারের পর ইমন হাওলাদারকে তার ভাই তৌকিরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।