বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ায় নিজ গ্রামে ঈদ উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠের উন্নয়ন ও সংস্কারের জন্য সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাক—এটাই আমাদের কামনা।”

তিনি বলেন, বর্তমানে প্রতারণা বা ফ্রড একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে এ ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত বিস্তার লাভ করছে। তাই এটি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত “গ্লোবাল সামিট অন ফ্রড”-এ বিভিন্ন দেশ সম্মিলিত কৌশল গ্রহণের উদ্যোগ নিয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

পরে সকাল ১০টার দিকে মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে তিনি গাড়িযোগে নিজ বাড়ি থেকে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান।

 

ক্যাটাগরি