চকরিয়ায় মাদকবিরোধী অভিযানকালে এএসআইর মৃত্যু, পালালো আটক ব্যক্তি
কক্সবাজারের চকরিয়ায় মাদকসেবী আটক অভিযানের সময় হারবাং পুলিশ ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৩ মার্চ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হারবাং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জুনাইদ নামের এক মাদকসেবীকে আটক করেন হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন ও এএসআই রুপন কান্তি দে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আটককালে জুনাইদকে নিয়ন্ত্রণে আনতে শারীরিকভাবে প্রহার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে জুনাইদ এএসআই রুপন কান্তি দে’র পায়ে পড়ে বাঁচার আকুতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় হঠাৎ করে এএসআই রুপন কান্তি দে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢলে পড়েন। পরে তিনি বমি ও প্রস্রাব করেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে এসআই মোফাজ্জল হোসেন, আটক জুনাইদ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরইতলী রাস্তার মাথায় অবস্থিত মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, হাসপাতালে নেওয়ার সময় একই গাড়িতে থাকা আটক জুনাইদ কিছু দূর যাওয়ার পর দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা এএসআই রুপন কান্তি দে’র মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের নথিতে উল্লেখ করা হয়, বিকেল ৫টার দিকে তিনি ঢলে পড়েন এবং পরে বমি করেন। প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার পূর্ব ইতিহাস হিসেবে স্ট্রোকের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে একই ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।