মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

সমুদ্রসৈকতে পর্দা উঠলো ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের

কক্সবাজার সমুদ্র সৈকতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের। এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধিত জেলার একমাত্র চলচ্চিত্র সংগঠন ‘কক্সবাজার ফিল্ম ক্লাব’।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লাবণী পয়েন্ট সৈকতের উন্মুক্ত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও পর্যটকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, আইনজীবী, সংগীতশিল্পী ও পর্যটন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ সেলিম এবং পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী দিনে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’, ‘জল রং’ এবং ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’। এসব চলচ্চিত্রে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন চা শ্রমিকদের জীবন, মানবপাচার ও নারী পাচারের মতো ইস্যু তুলে ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম বলেন, “খোলা আকাশের নিচে বড় পর্দায় একসঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আগামীতে এই উৎসব আরও বড় পরিসরে আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, এটি ধীরে ধীরে একটি সম্ভাবনাময় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এই সৈকত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেন্যুতে পরিণত হতে পারে।

উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চে তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সমাপনী দিনে ‘বেহুলা দরদী’, ‘ময়নার চর’ ও ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা নামবে।

উৎসব আয়োজনের সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব।

 

ক্যাটাগরি