“সত্যভিত্তিক সাংবাদিকতায় অটল থাকার দৃঢ় অঙ্গীকার” সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুকোমল বড়ুয়া
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ ও দৈনিক কক্সবাজার সংবাদের উপদেষ্টা সম্পাদক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া স্বাধীনতা পদকে মনোনীত হওয়ায় এবং পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আবদুল মন্নান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মানে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন পরিণত হয় কক্সবাজারের সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এক মিলনমেলায়।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) শহরের স্টুডিও সুর সমুদ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কক্সবাজার সংবাদের সম্পাদক এম. আমান উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন, “সত্যকে আড়াল করে কোনো শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারেনি ইতিহাস তার প্রমাণ। সাংবাদিকদের কলমই পারে সমাজে সত্য, ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে। তাই প্রতিটি সংবাদ হতে হবে নির্ভীক, বস্তুনিষ্ঠ ও নৈতিকতার ভিত্তিতে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, স্থানীয় গণমাধ্যমই সাধারণ মানুষের কণ্ঠস্বর। মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা ও প্রত্যাশার নির্ভরযোগ্য প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি দৈনিক কক্সবাজার সংবাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আবদুল মন্নান বলেন, “সাংবাদিকতা সমাজের বিবেক হিসেবে কাজ করে। এ পেশার মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি।”
তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং আইনি জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পত্রিকার বার্তা প্রধান ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাস্টার জেমসেন বড়ুয়া এবং দৈনিক আমার কাগজের সহ-সম্পাদক আক্তার হোসেন কুতুবী। এছাড়া পত্রিকার উপজেলা প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক এম. আমান উল্লাহ বলেন, “দৈনিক কক্সবাজার সংবাদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও জনস্বার্থের পক্ষে আপসহীন। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের শক্তিই পারে একটি সুস্থ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ নির্মাণ করতে।”
তিনি পত্রিকার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চা এবং কর্মপরিবেশ উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পত্রিকার ভবিষ্যৎ দিকনির্দেশনা, আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চা, পাঠক আস্থা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
উষ্ণ শুভেচ্ছা, গৌরবের স্বীকৃতি এবং দায়িত্বশীল ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়।