বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত কক্সবাজার
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে আপামর বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে নববর্ষ উদযাপন পরিষদ-১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ছোটন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জেলা খেলাঘরের সভাপতি- সুবিমল পাল পান্না, জাসাস’র আহ্বায়ক- নাছির উদ্দিন, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি- তাহের কুতুবী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক- মনির মোবারক, সাংস্কৃতিক কর্মী ঈপ্সিতা চক্রবর্তী, জেলা উদীচীর ফাল্গুনী দাশ, জেলা জাসাস নেতা খাইরুল হাসান মণি, আগন্তুক সাংস্কৃতিক সাংসদের মেহেদী হাসান সুমন, ওবায়দুল ইসলাম মুন্না,ঝিনুকমালা খেলাঘর আসরের রাজীব দাশ, শাওন চক্রবর্তী, ইল্লু বড়ুয়া, মোঃ সালাউদ্দিন, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক- নয়ন চক্রবর্তী, মিশু দাশগুপ্ত, ধ্রুবতারার মিথিলা সেন তুহি,জেলা উদীচীর তর্পনা দে, সাংস্কৃতিক কর্মী রিয়াজ উদ্দিন,অঁলা ব্রান্ডের তানবীরুল মিরাজ রিপন, আবছার হাবের আবছার, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর- আয়াত উল্লাহ, বাবলু দে, শেখ মোঃ ইউনুস, শান্তনু চৌধুরী, ছাইলোকের হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ উৎসবকে ঘিরে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদেরও ব্যাপক আগমন ঘটে। তাই এবারের আয়োজনকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে— সূর্যোদয়ের সঙ্গে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের সূচনা, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পান্তা-ভাতের আয়োজন, গ্রামীণ মেলা এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা।
নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের পহেলা বৈশাখ উদযাপন কক্সবাজারে এক আনন্দঘন ও বর্ণিল মিলনমেলায় পরিণত হবে, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।